বালির অভাবে থমকে নির্মাণ, স্বল্পমূল্যে বালি সরবরাহের দাবি কুসুম্বা গ্রামের বাসিন্দাদের
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: সরকারি আবাস প্রকল্পের আওতায় বাংলার বাড়ি পেলেও বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাড়ির নির্মাণকাজ শেষ করতে পারছেন না বলে অভিযোগ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কুসুম্বা গ্রামের নিউ কলোনিপাড়ার বাসিন্দাদের। উল্লেখ্য, কুসুম্বা গ্রামটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হিসেবেও পরিচিত। বাড়ি প্রাপকদের দাবি, বালির দাম এতটাই বেড়েছে যে তা কেনা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। ফলে বহু বাড়ি লিন্টেল বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেকেই বাধ্য হয়ে টিনের চালা বা ত্রিপল টাঙিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। গ্রামবাসীদের অভিযোগ, জেলার সিউড়ি, রাজনগর-সহ একাধিক এলাকায় স্বল্পমূল্যে বালি সরবরাহ শুরু হলেও রামপুরহাটের এই এলাকায় এখনও সেই ব্যবস্থা চালু হয়নি। তাঁদের দাবি, বর্ষা শুরু হওয়ার আগেই নতুন সরকার যদি এই এলাকায় স্বল্পমূল্যে বালি সরবরাহের ব্যবস্থা করে, তাহলে আবাস প্রকল্পের অসমাপ্ত বাড়িগুলির নির্মাণ দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

