মধুচক্রের অভিযোগে হানা, গ্রেফতার ৪
রিচা দত্ত,মুর্শিদাবাদ: ফের লালবাগের হোটেলে পুলিশের হানা। কথিত মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলা, দুই যুবক এবং হোটেলের ম্যানেজারকে আটক করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে লালবাগ শহরের একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার আইসি অনিরুদ্ধ বাগ। তাঁর সঙ্গে ছিলেন টাউনবাবু, দুই মহিলা ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশকর্মীরা।
তল্লাশি চালিয়ে ওই হোটেলের একটি ঘর থেকে চারজনকে আটক করা হয়। সেখান থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিরুদ্ধ বাগ মুর্শিদাবাদ থানার দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের হোটেলগুলিতে লাগাতার অভিযান চলছে। এর আগেও একাধিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। অসামাজিক কাজ বন্ধ করতেই এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

