ধুন্ধুমার মালদহে, স্টেশন থেকে বিরোধী শিবিরের চার সদস্য আটকের ঘটনায় চরম উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে চরম নাটকীয় মোড় নজরে এল মঙ্গলবার। বহু প্রতীক্ষিত ভোটাভুটির ঠিক কয়েক ঘণ্টা আগে গভীর রাতে মালদহ টাউন স্টেশন থেকে চার জেলা পরিষদ সদস্যকে পুলিশ আটক করায় তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে ফেরার পথেই তাঁদের আটক করা হয় বলে জানা গিয়েছে।
বিরোধী শিবিরের অভিযোগ, সম্পূর্ণ গায়ের জোরে বিজেপিকে জেলা পরিষদের সভাধিপতির চেয়ার পাইয়ে দিতেই এক তরফা ভাবে বিরোধী সদস্যদের পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অনাস্থা প্রস্তাবের এই মহাযুদ্ধের আগে পুলিশের এই আকস্মিক পদক্ষেপকে সুপরিকল্পিত রাজনৈতিক চাল হিসেবেই দেখছে বিরোধী দলগুলি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে মালদহ টাউন স্টেশন চত্বরে ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং নেত্রী মৌসম বেনজির নূর। কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভে স্টেশন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। বিরোধী নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াক এভাবে কালিমালিপ্ত করার বিরুদ্ধে তাঁরা তীব্র আইনি লড়াইয়ে নামছেন।
যদিও এই গ্রেপ্তারের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগ নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এখনও সংবাদমাধ্যমের সামনে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে ৪৩ আসনের এই জেলা পরিষদের সমীকরণ যখন অত্যন্ত স্পর্শকাতর, ঠিক তখনই ভোটাভুটির আগে এই আটক ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে।

