বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মন্দারমণিতে সমুদ্রস্নানে বিপর্যয়, মৃত ১, নিখোঁজ

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
মন্দারমণিতে সমুদ্রস্নানে বিপর্যয়, মৃত ১, নিখোঁজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উইকএন্ডের আনন্দ নিমেষের মধ্যে বদলে গেল চরম বিষাদে। মন্দারমণিতে সমুদ্রের উত্তাল ঢেউয়ে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার (৪৮)। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার ৩ নম্বর ঘাট এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় নুলিয়ারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে বন্ধুদের একটি দলের সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন সোমনাথবাবু। শনিবার সকালে তাঁরা সমুদ্র সৈকতে ঘুরতে বের হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সমুদ্রে ভরা জোয়ার চলছিল। সমুদ্রের জল ছিল যথেষ্ট উত্তাল এবং ঢেউয়ের গতিও ছিল অনেক বেশি। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই জোয়ারের উত্তাল জলের তোড়ে বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন সোমনাথবাবু। স্নান করার কিছুক্ষণের মধ্যেই আচমকা একটি বড় ঢেউয়ের ধাক্কায় গভীর সমুদ্রে তলিয়ে যান তিনি। তাঁর সঙ্গীরা চিৎকার শুরু করলে বিপদের কথা জানতে পারেন সৈকতে থাকা অন্য পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিক ভলান্টিয়ার এবং মন্দারমণি কোস্টাল থানার পুলিশ বাহিনী। স্পিডবোট নিয়ে সমুদ্রে নামেন উদ্ধারকারীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় সমুদ্রের জল থেকে সোমনাথবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে সোমনাথবাবুর আরেক বন্ধুর কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ ওই পর্যটকের সন্ধানে স্পিডবোট এবং ড্রোন নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে গোটা সৈকত জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।