মানকর কলেজের জল ও শরবত বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি, মানকর: রাষ্ট্রসঙ্ঘের Public Service Day এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষকালের উদ্বোধনী দিন উপলক্ষে মানকর কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর উদ্যোগে “NSS Water Mates” কর্মসূচির আয়োজন করা হয়। মানকর কলেজ সংলগ্ন মানকর-ভেদিয়া রোডে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথচলতি মানুষ, শ্রমজীবী ও তৃষ্ণার্ত সাধারণ মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জল ও শরবত বিতরণ।
অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন মানকর কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে জনসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবকল্যাণের চেতনা থেকেই এনএসএস স্বেচ্ছাসেবকদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। তিনি ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এরপর এনএসএস স্বেচ্ছাসেবক-স্বেচ্ছাসেবিকারা পথচলতি সাধারণ মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জল বিতরণ করেন। পাশাপাশি প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষের জন্য প্রায় ১০০ লিটার শরবত বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়।
এনএসএস ইউনিটের পক্ষ থেকে অধ্যাপক অরিজিৎ ভট্টাচার্য ও অধ্যাপক সুব্রত মন্ডল জানান, “Water for All, Service Above Self” এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হবে। মানবসেবার এই উদ্যোগে স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশগ্রহণ ও নিষ্ঠা সকলের প্রশংসা কুড়িয়েছে।

