বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মানকরে মোটর ভ্যানের ধাক্কায় ভাঙল রেলগেট

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
মানকরে মোটর ভ্যানের ধাক্কায় ভাঙল রেলগেট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: অসাবধানতার জেরে ভ্যানের ধাক্কায় রেলগেট ভেঙে যাওয়ার ঘটনা ঘটল মানকরে। এর জেরে রবিবার দুপুর থেকে দীর্ঘক্ষণ তীব্র যানজটে নাকাল হতে হল নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় নিয়ম মেনেই রেলগেট বন্ধ করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই এক মোটর ভ্যানচালক তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁর ভ্যানটি গিয়ে ধাক্কা মারে নামতে থাকা রেলগেটে। ধাক্কার তীব্রতায় গেটটি ভেঙে যায়।
এই দুর্ঘটনার পরই সুরক্ষার স্বার্থে ওই রেলগেটে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি। তৈরি হয় ব্যাপক যানজট। তবে এই দুর্ভোগের সময়েও স্বস্তি বজায় রেখেছিল মানকরের পশ্চিম প্রান্তের বিকল্প রেলগেটটি। মূল গেট বন্ধ থাকায় ওই পশ্চিম প্রান্তের গেট দিয়েই সাময়িকভাবে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেলগেট মেরামতের কাজ। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর গেটটি পুনরায় সচল করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মানকরের এই রেলগেটের কারণে প্রতিদিন নিয়ম করে যানজটের সৃষ্টি হয়। নিত্যদিনের এই দুর্ভোগ থেকে বাঁচতে এখানে একটি ফ্লাইওভার (উড়ালপুল) বা আন্ডারপাস নির্মাণ করা অত্যন্ত জরুরি। স্থায়ী পরিকাঠামো তৈরি না হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই দাবি এলাকাবাসীর।