ডিজিটাল টিকিটিংয়ে নয়া নজির মানকর স্টেশনে, ৯০ শতাংশের বেশি টিকিট বুকিং অনলাইনেই
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রেলের টিকিট কাটার জন্য কাউন্টারের দীর্ঘ লাইন এখন অতীত। যাত্রীদের দ্রুত, সুবিধাজনক এবং নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করতে ডিজিটাল টিকিটিং ব্যবস্থাকে লাগাতার উৎসাহিত করে চলেছে পূর্ব রেলের আসানসোল বিভাগ। রেলের সেই উদ্যোগ এবার বড়সড় সাফল্য পেল। ডিজিটাল টিকিট গ্রহণের ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করল আসানসোল বিভাগের মানকর রেলওয়ে স্টেশন।
রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মানকর স্টেশনে ইস্যু করা মোট টিকিটের ৯০.১৪ শতাংশই বুক করা হয়েছে ডিজিটাল মাধ্যমে। অর্থাৎ, সিংহভাগ যাত্রীই এখন আর প্রথাগত টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াচ্ছেন না। তথ্য অনুযায়ী, এই ৯০.১৪ শতাংশ ডিজিটাল টিকিটের মধ্যে ৭৬.০৭ শতাংশ টিকিট কাটা হয়েছে স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) থেকে। বাকি ১৪.০৭ শতাংশ টিকিট বুক করা হয়েছে রেলের নিজস্ব মোবাইল অ্যাপ (UTS)-এর মাধ্যমে।
ডিজিটাল মাধ্যমের এই বর্ধিত ব্যবহারের ফলে স্টেশন চত্বরের চিত্রটাও অনেকটাই বদলে গেছে। বুকিং কাউন্টারগুলোতে ভিড় যেমন একধাক্কায় কমেছে, তেমনই যাত্রীদের মূল্যবান সময়ও বাঁচছে। পাশাপাশি এর ফলে পুরোপুরি স্পর্শবিহীন (Contactless) টিকিট বুকিংয়ের সুবিধা পাচ্ছেন নিত্যযাত্রীরা।
মানকর স্টেশনের যাত্রীদের এই আধুনিক ও প্রযুক্তি-নির্ভর মানসিকতাকে সাধুবাদ জানিয়েছে রেল প্রশাসন। আসানসোল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (PRO) বিপ্লব বাউরি এই সাফল্যের তথ্য প্রদান করে জানান, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা রেলওয়ের যাত্রীবান্ধব ও প্রযুক্তি-ভিত্তিক পরিষেবাগুলোকে আরও বেশি শক্তিশালী করছে। এর জন্য তিনি মানকর ট্রেনের যাত্রীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গেই অন্যান্য স্টেশনের যাত্রীদেরও আগামী দিনে এটিভিএম এবং মোবাইল অ্যাপের আরও বেশি ব্যবহার করার জন্য অনুরোধ করেছে আসানসোল বিভাগ।

