মেমারিতে শ্রদ্ধাঞ্জলিতে বিশ্বকবি
নূর আহমেদ, মেমারি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস (২২ শে শ্রাবণ) উপলক্ষে পূর্ব বর্ধমানের মেমারির কৃষ্টি অ্যানেক্স হলে শ্রদ্ধা ও সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে পালিত হলো স্মৃতিবাসর। ১২ই জুলাই কমিটি মেমারি-১ এর সহযোগিতায় আয়োজিত এই শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানের শীর্ষক ছিল— ‘বাইশে শ্রাবণ: যেতে নাহি দিব’। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই বিশেষ গীতিআলেখ্য ও রবীন্দ্রকবিতা পাঠের আসরে উদ্বোধনী ও সারগর্ভ বক্তব্য রাখেন সাংস্কৃতিক উপসমিতির প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ অরিন্দম কোঙার এবং ১২ই জুলাই কমিটি মেমারি-১ এর যুগ্ম আহ্বায়ক অভিজিৎ রায়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সের প্রায় ৩০ জন সাংস্কৃতিক কর্মী ও অনুরাগী অংশগ্রহণ করেন; তাঁদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও কবিতা পাঠের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মেমারিতে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ এই প্রথম গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনেও সুস্থ ও সংস্কৃতিমনস্ক ধারা বজায় রাখতে এই প্রয়াস অব্যাহত থাকবে।

