জেলা
মেমারি হাসপাতালে বিশেষ সচেতনতা সভা, রোগীদের দেওয়া হল পুষ্টিকর খাদ্য ও ওষুধ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, মেমারি: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং আয়ুষ্মান সপ্তাহ (৮-১৪ আগস্ট, ২০২৬)-এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মেমারি হাসপাতালের সভা কক্ষে পালিত হলো 'টিবি মুক্ত ভারত দিবস'।
অনুষ্ঠানে মেমারি হাসপাতালের নতুন বিএমওএইচ (BMOH) ডাঃ তনুশ্রী কুন্ডু এবং জেলা টিবি আধিকারিক (District TB Officer) ডাঃ সেখ মোয়ারফ আলী-র উপস্থিতিতে মেমারি এলাকার ২০ জন যক্ষ্মা রোগীর হাতে বিনামূল্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। পাশাপাশি সারা জেলা জুড়ে এই কর্মসূচির মাধ্যমে ৩০০-রও বেশি যক্ষ্মা আক্রান্ত রোগীকে পুষ্টিকর খাদ্য সহায়তার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা টিবি আধিকারিক ডাঃ সেখ মোয়ারফ আলী বলেন,
"যক্ষ্মা বা টিবি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। ঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। চিকিৎসার পাশাপাশি সংক্রমণের বিস্তার রোধে রোগী ও পরিবারের সচেতনতা অত্যন্ত জরুরি।"
এদিনের সচেতনতা সভায় যক্ষ্মা রোগের ১০টি প্রধান লক্ষণ সম্পর্কে আলোকপাত করা হয়, যার মধ্যে রয়েছে— দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি ও জ্বর, কফের সাথে রক্ত ওঠা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, রাত্রে অতিরিক্ত ঘাম, খিদে মন্দা এবং ওজন কমে যাওয়া। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে ও 'ন্যাট' (NAAT) পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমও (MO) ডাঃ দেবজ্যোতি কুন্ডু এবং সিনিয়র পিএইচএন (Sr. PHN) সঙ্গীতা বণিক। সমগ্র সভাটি সাফল্যমণ্ডিতভাবে পরিচালনা করেন অভিষেক ব্যানার্জী।

