বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মহরমে ডিজে নয়, কড়া বার্তা পুলিশের

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
মহরমে ডিজে নয়, কড়া বার্তা পুলিশের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহরমে কোনও ভাবেই ডিজে (DJ) বাজানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল জেলা পুলিশ। একই সঙ্গে অস্ত্র নিয়ে মিছিল করার ক্ষেত্রেও আগের মতোই কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে। বীরভূমের সিউড়ি থানায় মহরমের উদ্যোক্তা কমিটিগুলির সঙ্গে এক উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠকে পুলিশের তরফে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ জুন মহরম। উৎসব যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে কাটে, তার জন্য আগেভাগেই তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। এই লক্ষ্যেই সিউড়ি থানা এলাকার মোট ৩৬টি মহরম কমিটির প্রতিনিধিদের নিয়ে থানায় একটি জরুরি বৈঠক করেন পুলিশ আধিকারিকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি (আইনশৃঙ্খলা) সপ্তর্ষি ভট্টাচার্য, সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় সহ প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। সেখানেই মহরমে কী কী সরকারি নিয়ম ও আইনি বাধ্যবাধকতা পালন করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিজে বক্সের দাপট রুখতে ইদানীং রাজ্য জুড়েই পুলিশ কড়া অবস্থান নিচ্ছে। মহরমেও যাতে শব্দের দাপটে আমজনতার কোনও সমস্যা না হয়, তার জন্যই এবার ডিজে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহরম কমিটির কর্তারাও। বৈঠক শেষে সিউড়ির মহরম কমিটির সদস্য মীর মুস্তাক এবং মহম্মদ ফজরুল হক বলেন, ‘‘প্রশাসনের পুরোনো নির্দেশিকাগুলিই বহাল রয়েছে। এবার কেবল ডিজে বাজানো বন্ধের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। তবে আমরা সামাজিক সচেতনতার কথা ভেবে আগে থেকেই ডিজে বন্ধ করে দিয়েছি। আইন মেনে অস্ত্র নিয়ে মিছিলও এখানে কয়েক বছর ধরে আর করা হয় না।’’ প্রশাসনের এই কড়াকড়িতে খুশি সিউড়ির সাধারণ মানুষও।