জেলা
মুরারই থানায় হোটেল ও অনুষ্ঠান ভবনগুলিকে নিয়ে বিশেষ বৈঠক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু এবং কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে আরও ৯ জনের মৃত্যুর ঘটনার পর এবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হল বীরভূমের মুরারই থানার পুলিশ।
বৃহস্পতিবার মুরারই থানা এলাকার সমস্ত হোটেল, অনুষ্ঠান ভবন এবং ঘর ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলির মালিক ও কর্তৃপক্ষকে ডেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বৈঠকে প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা ফায়ার সেফটি সিস্টেম চালু রাখা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ফায়ার সেফটি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নিরাপত্তা বিধি না মানা হোটেল, অনুষ্ঠান ভবন বা ভাড়ার ঘর বন্ধ করে দেওয়া হতে পারে।
পরপর দুটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পরই মুরারই থানার এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতে আগেভাগেই সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

