বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সালিশি সভায় মামার মারে মৃত্যু ভাগ্নের!

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
সালিশি সভায় মামার মারে মৃত্যু ভাগ্নের!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: জমি বিবাদের জেরে পারিবারিক সালিশি সভা ডেকে ভাগ্নেকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। মৃতের নাম সানারুল শেখ (৩৮)। ঘটনায় উত্তাল মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দামরুল গ্রাম।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের অশান্তি মেটাতে গত শনিবার সন্ধ্যায় বাড়িতেই সালিশি সভা বসে। অভিযোগ, আলোচনার মাঝেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ভাগ্নে সানারুলের মাথায় গাছের ডাল দিয়ে সজোরে আঘাত করেন তাঁর মামা।

মাথায় গুরুতর আঘাত নিয়ে লুটিয়ে পড়েন সানারুল। পরিবারের লোকজন প্রথমে তাঁকে পলসন্ডা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রাতেই বহরমপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও কলকাতায় রেফার করা হয় তাঁকে। মঙ্গলবার বিকেলে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সানারুল শেখের।

বৃহস্পতিবার সকালে সানারুলের মৃতদেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হন তিনি ও এলাকাবাসী। মৃতের স্ত্রীর প্রশ্ন, “ওদের নাবালক সন্তানের দায়িত্ব এখন কে নেবে?” গোটা গ্রাম এখন এই প্রশ্নেই ভারী হয়ে আছে।

নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পারিবারিক বিবাদ মেটাতে ডাকা সালিশি সভা যে এভাবে প্রাণ কেড়ে নেবে, তা ভাবতেও পারছেন না দামরুলের বাসিন্দারা। শোকে স্তব্ধ গোটা এলাকা।