বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অনলাইন গেমে প্রেমের ফাঁদ, উদ্ধার ৩ গৃহবধূ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
অনলাইন গেমে প্রেমের ফাঁদ, উদ্ধার ৩ গৃহবধূ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অনলাইন গেম খেলার আড়ালে প্রেমের ফাঁদ পেতে একই পরিবারের তিন গৃহবধূকে নাবালক সন্তানদের-সহ বাড়ি থেকে ফুসলিয়ে বের করে নিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা রুখে দিল পুলিশ। হাওড়া হয়ে দক্ষিণ ভারতে পালিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে তিন মহিলা ও তাঁদের সন্তানদের। এই ঘটনায় মূল অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি তৎপরতায় বড়সড় পাচার চক্রের ছক বানচাল হল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধৃতের বাকি দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন গৃহবধূই নদিয়ার চাপড়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং তাঁরা সম্পর্কে একই পরিবারের সদস্যা। দিন ছয়েক আগে আচমকাই তাঁরা নিজেদের নাবালক সন্তানদের নিয়ে ঘর ছাড়েন। পরিবারের তরফে চাপড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তদন্তে নামে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ও গোপন সূত্রে খবর পেয়ে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ থেকে তাঁদের সকলকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় দুর্গাপুর এলাকারই বাসিন্দা ১৯ বছর বয়সি মূল অভিযুক্ত যুবককে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন আগে মোবাইলে অনলাইন গেম খেলার মাধ্যমে ওই পরিবারের এক বধূর সঙ্গে বছর ১৯-এর ওই যুবকের পরিচয় হয়। ক্রমশ সেই আলাপ গড়ায় পরকীয়া সম্পর্কে। অভিযোগ, এখানেই থেমে না থেকে ওই যুবকের আরও দুই বন্ধু ওই পরিবারেরই বাকি দুই গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে। এরপরই দক্ষিণ ভারতে এক সঙ্গে বেড়াতে যাওয়ার টোপ দিয়ে তিন জনকেই ঘর ছাড়তে বাধ্য করা হয়। পরিকল্পনা ছিল, মুর্শিদাবাদ থেকে রওনা দিয়ে হাওড়া স্টেশনে বাকি দুই প্রেমিকের সঙ্গে দেখা করে তাঁরা ট্রেনে চেপে ভিন রাজ্যে চলে যাবেন। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় মূল অভিযুক্ত।
আপাতত উদ্ধার হওয়া বধূ ও শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, এর পিছনে কোনও নারী পাচার চক্রের যোগ রয়েছে কি না।