বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দুর্নীতির অভিযোগ আর ১০ দফা দাবি। এই দুই ইস্যুতে এবার কার্যত অচল মুর্শিদাবাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। বুধবার সকাল থেকে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে বসলেন স্থানীয়রা।

পলসনডা মোড় সিনিয়র সিটিজেন কমিটি, যুব কমিটির সদস্যরা ও এলাকার দোকানদারেরা একজোট হয়ে এই প্রতিবাদে নামেন। সকাল থেকেই পলসনডা মোড় সংলগ্ন বাসিন্দারা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হতে থাকেন। বেলা গড়াতেই বিক্ষোভ চরমে ওঠে।

আন্দোলনকারীদের দাবি, পঞ্চায়েতে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি চরমে পৌঁছেছে। উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। দীর্ঘদিন ধরে একাধিক জনস্বার্থের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই তালা ঝোলানোর পথে হাঁটতে হয়েছে তাঁদের।

১০ দফা দাবির মূল দাবীগুলো হল,
১. পলসনডা মোড় থেকে পঞ্চায়েত পর্যন্ত পিএনএল রোডের ডানদিকের ড্রেনের দ্রুত সংস্কার। 
২. রাস্তার বামদিকে নতুন ড্রেন তৈরি। 
৩. মোড় এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানো। 
৪. এলাকা পরিষ্কার রাখতে ডাস্টবিনের ব্যবস্থা। 
এছাড়াও রাস্তা সারাই, পানীয় জল, ১০০ দিনের কাজে স্বচ্ছতার দাবি তুলেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি
“দাবি না মেটা পর্যন্ত তালা খুলবে না। প্রয়োজনে লাগাতার আন্দোলন চলবে,” সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়।

নারায়ণপুর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।

পঞ্চায়েতে তালা পড়ায় সমস্ত কাজকর্ম বন্ধ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনায় গোটা নবগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।