বালি পাচারের অভিযোগ! পানাগড় সেনা ছাউনির সামনে বালির গাড়ি আটকে বিজেপির বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: এবার সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে সরব হলো বিজেপি। সোমবার সকালে বুদবুদের পানাগড় সেনা ছাউনির ১ ও ৫ নম্বর গেটের সামনে বালি বোঝাই বেশ কয়েকটি ট্রাক আটকে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি সূত্রের দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমল থেকেই দামোদর নদ থেকে নকল চালান ব্যবহার করে অতিরিক্ত বালি বোঝাই গাড়ি যাতায়াত করত। সেই অবৈধ বালি বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক কাজে সরবরাহ করা হতো।
পানাগড় সেনা ছাউনি এলাকাতেও গত কয়েকদিন ধরে নির্মাণকাজের জন্য বালি বোঝাই গাড়ি ঢুকছিল। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিজেপির নেতা-কর্মীরা সেনা ছাউনির দুটি গেটের সামনে জড়ো হন এবং রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। দুটি গেট মিলিয়ে প্রায় ২৫টি বালি বোঝাই লরি ও ট্রাক আটকে রাখা হয়।বিজেপির স্পষ্ট অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এই অবৈধ বালির কারবার চালানো হচ্ছিল। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে এবং গাড়িগুলি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, বালি বোঝাই লরিগুলি আটক করে আইনি পদক্ষেপের জন্য গলসি ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের (BLRO) হাতে তুলে দেওয়া হয়েছে।

