জেলা
মন্ত্রীর কড়া বার্তা, পূর্ব মেদিনীপুরে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্বাস্থ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অবশেষে নড়েচড়ে বসল জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি ল্যাবগুলির বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। বেআইনিভাবে চলা মোট ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে একযোগে শোকজ নোটিস পাঠানোর পাশাপাশি অবিলম্বে ব্যবসা বন্ধ করার বা 'ক্লোজার নোটিস' দেওয়া হল।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জুলাই রাজ্য স্তর থেকে কড়া নির্দেশিকা জারি হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নামে জেলা প্রশাসন। আজ, মঙ্গলবার জেলার অধীনস্থ ২৮টি লাইসেন্সহীন ও ভুয়ো সেন্টারকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনি নোটিস পাঠিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) অসিত দেওয়ান। একই সঙ্গে এই বেআইনি সেন্টারগুলির একটি সম্পূর্ণ তালিকা সংশ্লিষ্ট থানাগুলিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে নোটিস পাওয়ার পরও কেউ লুকিয়ে ব্যবসা চালাতে না পারে।
যেসব এলাকায় এই বেআইনি ক্লিনিকগুলির রমরমাই সবথেকে বেশি ছিল, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম ও কাঁথি মহকুমা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নন্দীগ্রাম হাসপাতাল মোড়, নন্দীগ্রাম বাইপাস, নন্দীগ্রাম বাজার ছাড়াও কাঁথির দারুয়া, কাঁথি স্কুল বাজার এবং খেজুরির কলাগেছিয়া ও কামারদা হাসপাতাল মোড় এলাকায় গজিয়ে ওঠা একাধিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।
জেলা স্বাস্থ্য আধিকারিকদের স্পষ্ট বার্তা, উপযুক্ত পরিকাঠামো, বৈধ লাইসেন্স এবং যোগ্য টেকনিশিয়ান ছাড়া কোনও ল্যাব চালানো যাবে না। মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের ঝটিকা অভিযান ও আইনি পদক্ষেপ জারি থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

