জেলা
অন্তর্বাস কারখানার কর্মীর সঙ্গে পালালেন পুরোহিতের স্ত্রী
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীর্ঘ ১৬ বছরের সুখী দাম্পত্য জীবন। ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু একটি বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সেই সাজানো সংসার নিমেষের মধ্যে ভেঙে খানখান হয়ে গেল। অন্তর্বাস তৈরির কারখানার এক সহকর্মীর হাত ধরে স্ত্রী ঘর ছেড়ে পালিয়েছেন বলে গুরুতর অভিযোগ তুললেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বাসিন্দা সঞ্জিত ভট্টাচার্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ার পর নিরুপায় স্বামী ইতিমধ্যেই ডেবরা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। তবে সমস্ত কিছুর পরেও এখনও স্ত্রীর পথ চেয়ে দিন গুনছেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিতবাবু পেশায় একজন সাধারণ পুরোহিত। পুজো-আচ্চা করে যে যসামান্য আয় হতো, তা দিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত অভাবের মধ্যে দিন কাটত তাঁদের। স্বামীর এই অভাবের সংসারে কিছুটা আর্থিক সাহায্য করতে এবং সন্তানদের ভালো ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন সময়ে টুকটাক কাজ করতেন তাঁর স্ত্রী। সম্প্রতি তিনি বাড়ির কাছেই একটি অন্তর্বাস তৈরির কারখানায় কাজ শুরু করেন। অভিযোগ, সেই কারখানায় কাজ করার সময়ই ওখানকার এক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জিতের স্ত্রী।
দিনের পর দিন গভীর হওয়া সেই সম্পর্কের টানেই গত কয়েক দিন আগে তিনি প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। সব কিছু হারিয়েও সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং নিজের ভালোবাসার টানে স্ত্রীকে ক্ষমা করতে প্রস্তুত সঞ্জিতবাবু। তিনি ভাঙা গলায় বলেন, "মানুষ মাত্রই জীবনে ভুলভ্রান্তি হতে পারে। ও সব ভুলে আবার ফিরে আসুক। আমি পেছনের সমস্ত গ্লানি ভুলে ওকে নিয়ে আবার নতুন করে সংসার করতে এক পায়ে রাজি আছি।" পুলিশ নিখোঁজ ডায়েরির ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

