জেলা
বউ ফেরানোর আজব দাবি: টাওয়ারে যুবক
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এক স্ত্রী থাকতেও সাধ জেগেছিল দ্বিতীয় বিয়ের। কিন্তু সাধ মিটলেও সেই সাধের সংসারে সুখ টেকেনি। দ্বিতীয় পক্ষের ঘর ভাঙার পর দুই স্ত্রীকেই একসঙ্গে ঘরে রাখার আজব দাবিতে বুধবার বিকেলে পুরুলিয়ার জয়পুরে ফরেস্ট মোড়ে এক হাইভোল্টেজ ড্রামা তৈরি করলেন এক যুবক। দ্বিতীয় স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনার জিদ ধরে প্রায় ২০০ ফুটের বেশি উঁচু একটি মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসলেন তিনি। হাড়হিম করা এই কাণ্ড ঘটিয়েছেন পুরুলিয়া মফস্বল থানার পালঞ্জা গ্রামের বাসিন্দা আজহারউদ্দিন আনসারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক স্ত্রী থাকতেও মন ভরেনি আজহারউদ্দিনের। তাই সম্প্রতি ধুমধাম করে দ্বিতীয় বিয়ে করে নতুন বউকে ঘরে তুলেছিলেন ওই যুবক। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি। রোজকার এই ঝামেলা সহ্য করতে না পেরে দিনকয়েক আগে দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ির লোকজন এসে তাঁদের মেয়েকে জোর করে নিয়ে চলে যান। এরপরই শুরু হয় আজহারউদ্দিনের ‘বউ পাগলামি’। তাঁর সাফ দাবি— দুই স্ত্রীকেই একসঙ্গে তাঁর ঘরে রাখতে দিতে হবে। আর এই দাবিতেই বুধবার বিকেলে সোজা চড়ে বসেন ফরেস্ট মোড়ের উঁচু মোবাইল টাওয়ারে।
খবর ছড়াতেই মুহূর্তের মধ্যে কাতারে কাতারে মানুষের ভিড় জমে যায় ওই টাওয়ার ঘিরে থাকা ফরেস্ট মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ ও দমকল বাহিনী। নীচে দাঁড়িয়ে মাইকিং করে যুবককে নামানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন উদ্ধারকর্মীরা। পুলিশ ও দমকলের কালঘাম ছুটলেও, নীচে উপস্থিত স্থানীয় বাসিন্দারা কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্ত মসকরায় মেতে ওঠেন। উঁচু মোবাইল টাওয়ারের মাথায় খ্যাপাটে যুবকের বসে থাকার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

