তৃণমূল আমলের পাহাড় কাটার সমস্ত প্রকল্প বাতিল
নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা জঙ্গলমহলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জঙ্গলমহলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে পাহাড় কেটে যে সমস্ত সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেগুলি সম্পূর্ণ বাতিল করা হবে। বুধবার পুরুলিয়া শহরের দলীয় সাংসদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো।
সাংসদের সাফ কথা, “আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন যে রাজ্যের কোথাও পাহাড় এবং গাছ কাটা যাবে না। আমরা যখন বিরোধী আসনে ছিলাম, তখনও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছি।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও যদি জেলার কোথাও বেআইনিভাবে পাহাড় কাটা হয়, তবে প্রশাসন কড়া আইনি ব্যবস্থা নেবে। কোথাও পাহাড় ধ্বংসের ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সরাসরি অ্যাকশন নেওয়া হবে এবং এই বিষয়ে কাউকেই রেয়াত করা হবে না।
রাজনৈতিক মহলের মতে, পুরুলিয়ার রঘুনাথপুরের চণ্ডী পাহাড়সহ একাধিক জায়গায় গ্রানাইট হাব বা পাথর ক্রাশারের নামে দীর্ঘদিন ধরে পাহাড় ধ্বংসের অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর বার্তার পর এবার খোদ স্থানীয় সাংসদের এই কড়া অবস্থানে জঙ্গলমহলের বেআইনি পাথর মাফিয়াদের ওপর বড়সড় চাপ তৈরি হল। পাহাড় বাঁচাতে আন্দোলনকারী পরিবেশপ্রেমীরাও সাংসদের এই ঘোষণায় যথেষ্ট খুশি।

