সংখ্যালঘু কিশোরের চিকিৎসায় এগিয়ে এলেন বিধায়ক রাজু পাত্র
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল পূর্ব বর্ধমানের গলসির রামপুরের ১২ বছরের তুজাম্মেল চৌধুরী। দিনমজুর এই পরিবার কিভাবে চিকিৎসার খরচ জোগাড় করবেন বুঝতে পারছিলেন না। অবশেষে এগিয়ে আসেন বিজেপি বিধায়ক রাজু পাত্র। চিকিৎসার খরচ বহন করেছেন তিনি। তুজাম্মেল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিধায়ক না থাকলে যে কি হতো তা ভেবে উঠতে পারছেন না তুজাম্মেলের মা আসিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারের সঙ্গে বাইকের দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল তুজাম্মেল। বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তুজাম্মেলকে। মাথায় গুরুতর আঘাত লাগার পর অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু তুজাম্মেলের বাবা মুজিবর চৌধুরী পেশায় দিনমজুর। কিভাবে অপারেশনের টাকা জোগাড় করবেন তা বুঝতে পারছিলেন না। অবশেষে স্ত্রীকে নিয়ে তিনি বিধায়কের দ্বারস্থ হন। পুরো ঘটনা খুলে বলেন তাঁরা। এরপর বিধায়কই চিকিৎসা খরচ বহন করেন। ছেলেটি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আসিয়া বলেন, ওই নার্সিংহোমে ভর্তি করার পর টাকার দরকার হয়। আমরা বিভিন্ন জনের কাছে টাকার কথা বলি। টাকা জোগাড় করতে গিয়ে দিশেহারা অবস্থা হয় আমাদের। কিভাবে টাকা জোগাড় করব বুঝতে পারছিলাম না। বিধায়ককে সব কথা বলতে উনি সঙ্গে সঙ্গে বলেন আমার ফান্ড থেকে টাকা দিচ্ছি। চিকিৎসা যেন বন্ধ না হয়। বিধায়ক ছিলেন বলে ছেলেকে ফিরে পেয়েছি। উনি আমাদের পাশে না থাকলে চরম ক্ষতি হয়ে যেত। স্থানীয়রা বলেন, ছেলেকে চিকিৎসা করানোর মতো খরচ টাকা মুজিবরের ছিল না। কিন্তু বিধায়ক যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য কোন ধন্যবাদ যথেষ্ট নয়। আগের বিধায়ককে এলাকায় পাওয়াই যেত না।
যদিও বিধায়ক বলেন, আমার বিধানসভায় কোন মানুষ বিপদে পড়লে আমি তার পাশে আছি। তুজাম্মেল এখন ভালো আছে।

