রাখি বন্ধন উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের হিজলনা পঞ্চায়েতের বন্তিরে রামকৃষ্ণ আদর্শ বিদ্যামন্দিরে রাখি বন্ধন উৎসব পালিত হলো। এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের উপস্থিতিতে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষিকা তথা এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা নিরুপমা রুদ্র বলেন, রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ আবৃত্তি, গান ও নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে পড়ুয়ারা একে অপরকে রাখি পরিয়ে দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বর্গীয় জিতেন্দ্রনাথ সাধুর জন্মদিন পালন করা হয়। প্রতিষ্ঠানের পড়ুয়ারা ছাড়াও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল। কৃতিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষক অনিশ সামন্ত বলেন, শুধু পঠন-পাঠন নয় আমাদের প্রতিষ্ঠান পড়ুয়াদের সার্বিক বিকাশের দিকে নজর রাখে। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিতেন্দ্রনাথ সাধু পরোপকারী ও মানবদরদী মানুষ ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আপ্লুত। তাঁর কন্যারাও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

