জেলা
রামপুরহাটে চালু অনলাইন ডিসিআর, স্বস্তিতে পাথর পরিবহণের ট্রাকচালকরা
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাট থানার অধীনে ক্যাসার খাদান থেকে প্রতিদিন পাথর ও পাথরজাত সামগ্রী বোঝাই করে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় বহু ট্রাক। এতদিন এই পরিবহণের ক্ষেত্রে অফলাইন ডিসিআর চালান ব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হতো ট্রাকচালক ও সংশ্লিষ্টদের। এবার সেই সমস্যার অবসান ঘটিয়ে চালু হলো ডিজিটাল বা অনলাইন ডিসিআর ব্যবস্থা।
আজ রামপুরহাটের নয়নজুলি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ডিসিআর পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় পাথর পরিবহণের সঙ্গে যুক্ত ট্রাকচালক ও ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। তাঁদের দাবি, অনলাইন ব্যবস্থার ফলে যেকোনও জায়গা থেকে সহজেই ডিসিআর সংক্রান্ত কাজ সম্পন্ন করা যাবে এবং অফলাইন চালান নিয়ে আর সমস্যায় পড়তে হবে না।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.ডি.এম., এসডিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক, মন্দির কমিটির সভাপতি, রামপুরহাট থানার আইসি-সহ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন এই ডিজিটাল ব্যবস্থা পাথর পরিবহণে স্বচ্ছতা ও গতি বাড়ানোর পাশাপাশি চালক ও ব্যবসায়ীদের হয়রানি অনেকটাই কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

