সাধুর মৃত্যুতে তদন্তের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: যখন কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকলের নজর তারাপীঠ মন্দিরের দিকে, ঠিক সেই সময়ই বীরভূমের রামপুরহাট রেলওয়ে স্টেশনে এক সাধুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং মৃত সাধুর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনার দাবিতে রামপুরহাট থানায় লিখিত স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলা নেতৃত্ব রামপুরহাট থানার আইসির হাতে এই স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মৃত সাধুর পরিচয় শনাক্তকরণ এবং তাঁর পরিবারের সন্ধানের দাবি জানানো হয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, ঘটনার সঙ্গে কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ময়না তদন্ত গতকাল সম্পূর্ণ হবে সাধুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। স্মারকলিপি দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা জানান, ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত পদক্ষেপ করতে হবে। তাঁদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। যা গোটা বঙ্গবাসী দেখতে পাবে বলে জানান তারা ।

