রানাঘাট হাসপাতালে ৫ টাকাতেই মিলছে মাছ-ভাত
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: রাজ্যে পালাবদলের পর নাম বদল হয়েছে পূর্বতন সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর। নতুন নাম দেওয়া হয়েছে ‘মা আহার’। তবে শুধু নাম পরিবর্তনই নয়, সাধারণ মানুষের পাতে আরও পুষ্টিকর খাবার তুলে দিতে এই প্রকল্পে সরকারি আর্থিক বরাদ্দও এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি থালা (মিল) পিছু সরকারি ভর্তুকি ছিল ১০ টাকা, নতুন নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ২০ টাকা। আর এই বরাদ্দ বৃদ্ধির ফলেই গরিব ও নিম্নআয়ের মানুষের দুপুরের খাবারের মেনুতে আসতে চলেছে এক বড়সড় চমক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিনে মূলত ডিম-ভাত ও সব্জি দেওয়া হত। কিন্তু রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের পর এবার থেকে মাত্র পাঁচ টাকাতেই ডিমের বদলে পাতে মিলবে রকমারি মাছ-ভাত। পাশাপাশি, খাবারের সামগ্রিক মান এবং পুষ্টিগুণ বজায় রাখার স্বার্থে দুপুরের মেনুতে ডাল, মরশুমি সব্জি-সহ আরও কিছু সুষম পদ রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নদীয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল চত্বরে ‘মা আহার’-এর এই নতুন পরিষেবা পুরোদমে চালু হয়েছে, যা সম্পূর্ণভাবে পরিচালনা করছে রানাঘাট পুরসভা। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ২৫০ জন মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে এখান থেকে দুপুরের সুস্বাদু খাবার সংগ্রহ করছেন। মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা দূর-দূরান্তের গরিব রোগী ও তাঁদের পরিজনদের পাশাপাশি এলাকার বহু দিনমজুর ও নিম্নআয়ের মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান রসদ হয়ে উঠেছে এই আহার কেন্দ্র। সরকারি ভর্তুকি বাড়ায় খাবারের গুণগত মান আরও উন্নত হবে বলেই আশা প্রকাশ করেছেন উপভোক্তারা।

