বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পায়রাডাঙায় বৃদ্ধার ওপর হামলা, রানাঘাটে 'স্টোনম্যান' আতঙ্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
পায়রাডাঙায় বৃদ্ধার ওপর হামলা, রানাঘাটে 'স্টোনম্যান' আতঙ্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: গ্রামবাংলায় যেন ফিরে এল আশির দশকের কলকাতার সেই কুখ্যাত ‘স্টোনম্যান’-এর স্মৃতি। তবে এবার ফুটপাতে নয়, ভরসন্ধ্যে বা মধ্যরাতে জনবসতিপূর্ণ এলাকায় ঘরে ঢুকে প্রবীণাদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। নদিয়া জেলার রানাঘাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিগত বেশ কিছুদিন ধরে মধ্যরাতে এই রহস্যময় আক্রমণের জেরে এখন রীতিমতো বিনিদ্র রজনী কাটাচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই আতঙ্কের নয়া শিকার হলেন পায়রাডাঙার এক বৃদ্ধা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের মূল নিশানা একা থাকা প্রবীণ মহিলারা। মূলত ৫৫ থেকে ৬০ বছর বা তার বেশি বয়সের যে সমস্ত নারী বাড়িতে একা থাকেন, তাঁদের ওপরেই গভীর রাতে হামলা চালানো হচ্ছে। গত শুক্রবার মধ্যরাতে ঠিক একই কায়দায় হামলা চলে রানাঘাটের পায়রাডাঙা এলাকার বাসিন্দা মনু বিশ্বাসের (৫৬) ওপর। তাঁর স্বামী সারদা বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকেন এবং ছেলে নিজের পরিবার নিয়ে আলাদা থাকেন। ফলে বাড়িতে একাই ছিলেন মনুদেবী।
অভিযোগ, আনুমানিক রাত সাড়ে ৩টে থেকে ৪টে নাগাদ দুষ্কৃতীরা বাড়ির টিনের অংশ কেটে ঘরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় মনুদেবীর ওপর চড়াও হয়ে ইট দিয়ে তাঁর মুখে এবং মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাত্ব ও গুরুতর জখম অবস্থায় ছটফট করতে থাকেন ওই বৃদ্ধা। তবে সবচেয়ে রহস্যের বিষয় হলো, পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে থাকা কোনো টাকাপয়সা বা গয়নাগাটিতে হাত দেয়নি হামলাকারীরা। লুটপাটের উদ্দেশ্য না থাকায় এটি যে কোনো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারের কাজ, সেই সন্দেহ আরও জোরালো হচ্ছে।
এই ধারাবাহিক হামলার জেরে রানাঘাটের গ্রামগুলিতে এখন থমথমে পরিস্থিতি। রাত বাড়লেই লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন যুবকেরা। তবে এই নৃশংস হামলার নেপথ্যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি রয়েছে, নাকি কোনো সক্রিয় অপরাধী চক্র কাজ করছে— তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রাতের টহলদারি বাড়ানো হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জমছে গ্রামবাসীদের মনে।