বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রেজিনগরে প্রার্থী হতে অধীরকে আর্জি মনিরুল ইসলামের

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
রেজিনগরে প্রার্থী হতে অধীরকে আর্জি মনিরুল ইসলামের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ। ওই আসনে প্রার্থী হওয়ার জন্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর কাছে প্রকাশ্যে আবেদন জানালেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার অধীরের উদ্দেশে এই বার্তা দেওয়ার পাশাপাশি মনিরুল স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি খুব শীঘ্রই তৃণমূলে তাঁর অধ্যায়ের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ‘হাত’ শিবিরে যোগ দিচ্ছেন।

দলবদলের দিনক্ষণ ঘোষণা করে মনিরুল জানিয়েছেন, আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য এবং জাতীয় স্তরের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন। তবে শুধু যোগ দেওয়া নয়, অধীর চৌধুরী যদি নিজে রেজিনগরে না লড়েন এবং দল যদি তাঁকে ‘অনুমতি’ দেয়, তবে তিনি নিজেও কংগ্রেসের প্রতীকে ওই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, মনিরুলের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়ার ক্ষোভ। ২০২১ সালের নির্বাচনে পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হককে পরাজিত করে ফরাক্কা আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন মনিরুল। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে আর মনোনয়ন দেয়নি। মনিরুলের পরিবর্তে ওই আসনে সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামকে দাঁড় করায় শাসকদল। যদিও নির্বাচনে আমিরুলকে পর্যুদস্ত করে ফরাক্কা আসনটি ছিনিয়ে নেন কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ। এই হারের পর থেকেই ফরাক্কার সমীকরণ বদলে যায়। এবার রেজিনগর উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই দলত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন মনিরুল। তাঁর এই ডিগবাজি মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে বড়সড় অস্বস্তি তৈরি করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।