বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেতা সুজিত বসুর পর এবার আইনের ঘেরাটোপে বিধাননগরের আরও এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সোমবার রাতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলেন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর উত্তর থানার পুলিশ গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিধাননগর জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের এক নামী ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। শুধু মৌখিক অভিযোগই নয়, তদন্তকারীরা ইতিমধ্যেই ওই ঘটনার সিসিটিভি (CCTV) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশের দাবি, সেই ফুটেজে সব্যসাচী দত্তকে টাকা নেওয়ার মুহূর্তে দেখা গিয়েছে, যা এই মামলায় অত্যন্ত বড় প্রমাণ হিসেবে কাজ করছে।
মঙ্গলবারই ধৃত সব্যসাচী দত্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তবে তার আগে নিয়মমাফিক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সব্যসাচীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে মেডিকেল টেস্টের জন্য।
এই খবর চাউর হতেই বিধাননগর উত্তর থানা এবং মহকুমা হাসপাতালের বাইরে ব্যাপক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সব্যসাচী দত্তর বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিরোধী দলের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে থানা ও হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।