সামসেরগঞ্জে ২৪ ঘণ্টায় আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে জোড়া-তিনেক বড় সাফল্য
রিচা দত্ত, মুর্শিদাবাদ:দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা অভিযানে মাদক, নকল লটারি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ফের আলোচনায় সীমান্ত লাগোয়া এই থানা।
পাচারের আগেই ২ হাজার ফেনসিডিল বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১-
গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পিলকী মোড়ে নাকা চেকিং করে পুলিশ। তল্লাশিতে একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল। অনুমান, বাংলাদেশে পাচারের জন্যই চালানটি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় নতুন জালাদিপুরের বাসিন্দা আবু জার শেখ (২২)-কে আটক করা হয়েছে। তাকে জেরা করে চক্রের বাকি যোগসূত্র খুঁজছে পুলিশ।
একই রাতে ধুসরিপাড়া কলোনিতে হানা দিয়ে ২২ লিটার চোলাই মদও উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় শেরপুরের বাসিন্দা প্রভাত দাস (৫৬)-কে। দুটি ঘটনাতেই মামলা রুজু করে শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয়।
ঝাড়খণ্ড থেকে আসা ৬৫ হাজার ডুপ্লিকেট লটারি, ধরা ৪-
শুক্রবার ধুলিয়ানের কৃষ্ণপুরে অভিযান চালিয়ে আমিন আলীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৬৫ হাজার ডুপ্লিকেট লটারির টিকিট। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের মনিরামপুর থেকে টিকিট এনে সামসেরগঞ্জ-সহ আশপাশে আসল লটারি বলে বিক্রি করা হতো।
এই চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মনিরামপুরের সোলেমান শেখ, ফারুক শেখ এবং সামসেরগঞ্জের আমিন আলী ও উইলিয়াম শেখ। তদন্তে মনিরামপুরে নকল টিকিট তৈরির কারখানার খোঁজও মিলেছে। সেখানেও শিগগিরই অভিযানের পরিকল্পনা রয়েছে। ধৃত চারজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে।
এটোয়াল মোড় থেকে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেপ্তার-
বৃহস্পতিবার রাতে চস্কাপুরের এটোয়াল মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম জাকির হোসেন (১৯), বাড়ি কাকুরিয়া এলাকায়। অস্ত্রের উৎস এবং এর পিছনে কোন চক্র কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়েছে।
স্থানীয়দের কথায়, আইসি সুব্রত ঘোষ আসার পর থেকে সামসেরগঞ্জে মাদক, জাল লটারি ও অবৈধ অস্ত্রের কারবারে ভাটা পড়েছে। পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় অপরাধ রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

