বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘ব্ল্যাকমেল’, শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘ব্ল্যাকমেল’, শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রেমিকের লাগাতার ব্ল্যাকমেল ও মানসিক অত্যাচার! তার জেরেই কি আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রী? নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায় এক ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। বুধবার রাতে ঘরের ভেতর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত নাবালিকা স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সে নিজের ঘরে একাই ছিল এবং ফোনে কারও সঙ্গে কথা বলছিল। রাতে বেশ কিছু সময় পার হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় তাঁদের সন্দেহ হয়। শেষমেশ উপায় না দেখে ঘরের দরজা ভাঙতেই শিউরে ওঠেন সবাই। ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই ছাত্রীর নিথর দেহ।

এই চরম ঘটনার পেছনে এক যুবকের দিকেই আঙুল তুলেছে নাবালিকার পরিবার। মৃতার দাদা রোহিত সাহা অভিযোগ করে জানান, বেশ কিছুদিন ধরে এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ইদানিং সেই সম্পর্ক থেকে বোন বেরিয়ে আসতে চেয়েছিল। আর তাতেই বেঁকে বসে ওই যুবক। অভিযোগ, এরপর থেকেই বোনকে নানাভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে সে। এমনকি মাঝেমধ্যে মারধর এবং তীব্র মানসিক অত্যাচারও চালানো হত ওই ছাত্রীর ওপর।পরিবারের দাবি, প্রেমিকের এই লাগাতার হুমকি ও ব্ল্যাকমেলের জেরে গত কয়েকদিন ধরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল নাবালিকা। সেই অবসাদ ও চাপ সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি ও ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।