বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

শ্রাবণী মেলায় তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির অভিনব উদ্যোগ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
শ্রাবণী মেলায় তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির অভিনব উদ্যোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, হুগলি: শ্রাবণের গুরুপূর্ণিমায় তারকেশ্বর মন্দিরে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। আগামী রাখিপূর্ণিমা পর্যন্ত টানা এক মাস ধরে চলবে এই মেলা। শ্রাবণী মেলা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার লোকসংস্কৃতি, বিশ্বাস আর আবেগের এক মহামিলন ক্ষেত্র। আর এ বার সেই আবেগের সঙ্গেই যুক্ত হতে চলেছে প্রশাসনের উন্নত পরিকাঠামো এবং এক অভিনব বিশেষ প্রস্তুতি।

শ্রাবণ মাসের এই পবিত্র ও ধর্মীয় আবহকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ এবং আলিপুরদুয়ারের কালচিনির মহাকাল মন্দিরে শ্রাবণ মাসের প্রতি রবিবার হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর আকাশপথে পুষ্পবৃষ্টির আয়োজন করা হবে। শুক্রবার এই মেগা পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘এই সমস্ত শৈবতীর্থে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী ও বাঁকধারী মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। দূর-দূরান্ত থেকে হেঁটে আসা সেই সমস্ত ভক্ত ও পুণ্যার্থীদের শ্রদ্ধা জানাতেই আকাশ থেকে তাঁদের মাথায় ফুল ছড়ানোর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’ এই পুষ্পবৃষ্টির ফলে মেলার ধর্মীয় আবেগে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী প্রশাসন।
আকাশপথে পুষ্পবৃষ্টির পাশাপাশি মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভিড় সামাল দিতে মন্দির চত্বর সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। পর্যাপ্ত পানীয় জল, অস্থায়ী শৌচাগার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং জরুরি চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা চিকিৎসকের টিম প্রস্তুত থাকবে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেলাজুড়ে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী।