বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

শিলিগুড়ি-জলপাইগুড়িতে মেট্রোর স্বপ্ন, উচ্ছ্বাসে দুই শহর

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
শিলিগুড়ি-জলপাইগুড়িতে মেট্রোর স্বপ্ন, উচ্ছ্বাসে দুই শহর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মেট্রো রেলের হাত ধরে এবার জুড়তে চলেছে শিলিগুড়ি ও জলপাইগুড়ি। সোমবার রাজ্য বাজেটে উত্তরবঙ্গের এই দুই প্রধান শহরের মধ্যে মেট্রো রেল চলাচলের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ‘টেকনো-ইকোনমিক’ বা কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষার প্রস্তাব করা হয়েছে। রাজ্যের এই বড় ঘোষণার পর থেকেই আনন্দের জোয়ার বইছে দুই শহরের আমজনতার মধ্যে।

উদ্যোগপতি এবং পর্যটন ব্যবসায়ীদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুধু যাতায়াত সহজ হওয়াই নয়, এর ফলে স্থানীয় ব্যবসার পাশাপাশি ডুয়ার্স ও পাহাড়ের পর্যটন ক্ষেত্রেও ব্যাপক জোয়ার আসবে। কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং সামগ্রিকভাবে উন্নতি ঘটবে পুরো এলাকার।
প্রশাসন সূত্রের খবর, রাজ্য বাজেটে এই সমীক্ষার সবুজ সংকেত মেলার পর এখন প্রাথমিক তৎপরতা শুরু হচ্ছে। কারিগরি সার্ভে বা সমীক্ষার কাজ শেষ হওয়ার পর রুট চূড়ান্ত করা হবে। এরপর প্রয়োজনীয় জমির ব্যবস্থা করে রাজ্য সরকারের তরফে চূড়ান্ত প্রকল্প রূপায়ণের প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে।
উত্তরবঙ্গের এই যোগাযোগ ব্যবস্থার ভোলবদল অবশ্য এখানেই শেষ নয়। এর আগে কেন্দ্রীয় বাজেটে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেনের ঘোষণা করা হয়েছে। সেই উচ্চগতির ট্রেন চালু হলে উত্তরপ্রদেশের বারাণসী থেকে মাত্র তিন ঘণ্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া সম্ভব হবে। এবার তার সঙ্গে রাজ্যের প্রস্তাবিত এই মেট্রো প্রকল্প যুক্ত হওয়ায় উত্তরবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক চেহারাটাই পুরোপুরি বদলে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরে চলা জানজটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায় এখন দিন গুনছেন দুই শহরের বাসিন্দারা।