পড়ুয়াকে সাপের কামড় রামপুরহাটে
নিজস্ব প্রতিনিধিঃ রামপুরহাটের মাশড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্কুলে খেলাধুলা করার সময় তৃতীয় শ্রেণির ছাত্রী নিশা খাতুনকে একটি সাপ কামড়ে দেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিদ্যালয়ে। দ্রুত ছাত্রীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বরে ঝোপঝাড়, নোংরা আবর্জনা ও অপরিষ্কার বাথরুমের কারণে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে। টিফিন খাওয়ার স্থানও আবর্জনায় ভরে রয়েছে বলে দাবি তাঁদের।
স্থানীয়দের আরও অভিযোগ, ১৬৭ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র তিনজন শিক্ষক রয়েছেন এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মাশড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

