জেলা
স্ত্রীর ছোড়া নোড়ার আঘাতে স্বামীর মৃত্যু
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর ছোড়া নোড়ার আঘাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল হুগলির আরামবাগে। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার বেঙ্গা উত্তরপাড়া এলাকায়। মৃত যুবকের নাম পার্থ মালিক (৩৪)। এই ঘটনায় পরিবারের লোকেদের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী মধুমিতা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে রক্তমাখা নোড়াটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর পার্থের সঙ্গে বছর আঠেরো আগে ঘরগোয়াল গ্রামের বাসিন্দা মধুমিতার বিয়ে হয়েছিল। তাঁদের দশ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে বিয়ের বছর কয়েক পর থেকেই নানাবিধ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। ঘটনার দিন সকালে মধুমিতা তাঁর পিসির বাড়ি যেতে চাইলে পার্থ তাতে বাধা দেন। এই নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসা ও মারামারি শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পার্থের মা ময়নাদেবী জানান, ঝগড়া চলাকালীন তিনি ছেলে ও বৌমাকে শান্ত করতে এবং ছেলেকে সেখান থেকে সরিয়ে আনতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই মধুমিতা আচমকা পিছন থেকে ভারী একটি নোড়া ছুড়ে পার্থকে লক্ষ্য করে মারেন। নোড়াটি সরাসরি পার্থের বাঁ দিকের কানের পাশে এসে লাগে। আঘাতে সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে পাশের একটি নিকাশি নালায় পড়ে যান পার্থ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, কানের পাশে গুরুতর আঘাত লাগার কারণেই এই আকস্মিক মৃত্যু। ধৃত স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

