বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রকাশ্য দিবালোকে এবার ‘ডিম-থেরাপির’ শিকার হলেন রাজ্যের এক শাসকদলীয় পঞ্চায়েত প্রধান। বাঁকুড়ার তালড্যাংরার আমডাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আসানুর খানকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমিধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি স্বতন্ত্র খবর)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে আমডাংরা এলাকায় প্রধান আসানুর খানের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকায় একাধিক সরকারি উন্নয়নমূলক কাজে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আচমকাই প্রধানকে তাক করে চারদিক থেকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি এলাকা ছাড়েন প্রধান।এই ঘটনার নেপথ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ ৩ মণ্ডল সভাপতি অভিজিৎ লোহারের অভিযোগ, আমডাংরা পঞ্চায়েতে রাস্তা, নর্দমা, শৌচাগার এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর তৈরিতে একাধিক বেনিয়ম ও বড়সড় দুর্নীতি হয়েছে। অনেক জায়গায় কাজ সম্পূর্ণ না করেই প্রকল্পের পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধেই স্থানীয় মানুষজন ও দলের নেতা-কর্মীরা প্রধানের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রধানের সামনে তথ্য চাওয়া হলেও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং ক্ষোভের বশে প্রধানকে লক্ষ করে ডিম ছোড়েন।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রধান আসানুর খান। তাঁর দাবি, এলাকায় উন্নয়ন স্তব্ধ করতে এবং পঞ্চায়েতকে কালিমালিপ্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে বিজেপি। ঘটনার পর থেকে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।