দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তন হলো তারাপীঠ মন্দির কমিটি, সভাপতি হলেন নিখিল
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের সিদ্ধ পীঠ তারাপীঠ।দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও অগণিত ভক্ত মায়ের টানে তারাপীঠে ছুটে আসেন মা তারার পুজো দেওয়ার উদ্দেশ্যে। বছরের বিশেষ বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মা তারার মন্দিরে। সুস্থ ও স্বাভাবিক ভাবে মন্দির পরিচালনার জন্য তারাপীঠ মন্দিরে একটি কমিটি গঠন করা হয়েছিল। সদস্যদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে একটাই কমিটি তারাপীঠ মন্দির পরিচালনা করে আসছিল। রাজ্যে পালা বদলের পর সেই মন্দির কমিটি ভেঙে সর্বসম্মতিভাবে গঠন করা হলো নতুন মন্দির কমিটি।
গতকাল রাত্রে সর্বসম্মতি ভাবে মৌখিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারাপীঠ মন্দিরের এই কমিটির গঠন করা হয়। এই দিনের এই নতুন কমিটির সভাপতি করা হয় তারাপীঠ মন্দিরের সেবাইত নিখিল ব্যানার্জিকে এবং মন্দির কমিটির সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তারাপীঠ মন্দিরের অপর এক সেবাইত পুলক চট্টোপাধ্যায়কে।
অভিযোগ,কোন নিয়ম নিষ্ঠা না মেনে ১৫ বছর ধরে কমিটি মন্দিরটিকে নিজেদের ইচ্ছামত পরিচালনা করে আসছিলেন। এমনই অভিযোগ নতুন কমিটির। তবে প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরে ভোটের মাধ্যমে কমিটি গঠন করার নিয়ম আছে, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে চলছিল এই কমিটি, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। পাশাপাশি কেউ কেউ আবার বলছে তৃণমূলের শাসনকালের মতন এখানেও সিন্ডিকেট রাজ চলেছে। অবশেষে তারাপীঠ মন্দিরে মন্দির কমিটির ১৫ বছরের অপশাসন শেষ হলো বলে দাবি তারাপীঠ মন্দিরের গঠিত নতুন কমিটির সদস্যদের।
এই নতুন কমিটি হওয়ায় সেবাইতরা আনন্দে আত্মহারা। নতুন কিছু আশায় বুক বাঁধছে নতুন কমিটির সদস্যরা। তবে দেখার বিষয় তাদের দায়িত্ব থাকা সময় কিভাবে পরিচালনা করছে।

