জেলা
এসি চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়ার মুকুটমণিপুরের চিলড্রেন’স পার্ক থেকে একাধিক শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন রানিবাঁধ ব্লক তৃণমূলের সদ্য প্রাক্তন সভাপতি উত্তম কুম্ভকার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, ধৃত তৃণমূল নেতার নির্দেশেই মঙ্গলবার সন্ধ্যায় দুই ব্যক্তি পার্কের ভেতরে ঢুকে যন্ত্রগুলি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় বিষয়টি স্থানীয়দের এবং পার্ক কর্তৃপক্ষের নজরে আসে। জানাজানি হতেই তড়িঘড়ি মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের (এমডিএ) পক্ষ থেকে খাতড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে তৃণমূল নেতা উত্তম কুম্ভকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ানে অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বুধবার ধৃত নেতাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে এক দিনের পুলিশ হেফাজতের (পিআর) নির্দেশ দেন। এই ঘটনার পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে খাতড়া থানার পুলিশ।

