বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত গলসি-১ ব্লকের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটেকে বুদবুদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বুদবুদ থানা থেকে অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর’, ‘চোর’ স্লোগানও উঠল। 

চাকতেঁতুল পঞ্চায়েত গলসি বিধানসভার অন্তর্গত। অভিযোগ, পদের জোরে এলাকায় একাধিক অনৈতিক কাজ করেছেন প্রধান। অবৈধ তোলাবাজি, বালি মাফিয়াদের সঙ্গে আঁতাত, আবাস প্রকল্পে কারচুপি এবং সরকারি তহবিল তছরুপ করেছেন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হল, এক শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকে প্রধান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি বড় অঙ্কের টাকা নিয়েছিলেন। ওই পরিবার নির্দিষ্ট অর্থ পায়নি। সেই অভিযোগ পাওয়ার পর বুদবুদ থানার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি বলেন, প্রধান বালির কারবার করে ফুলেফঁপে উঠেছিলেন। অবৈধ বালি পাচার চক্রে অন্যতম মূল পান্ডা উনি। কোন ঘাটে কার গাড়ি চলবে উনি ঠিক করতেন। তাছাড়া ভুয়ো জব কার্ড করে টাকা আত্মসাৎ করেছেন। এলাকার কেউ কোনদিন প্রতিবাদ করতে পারেনি। ওনার দলবল ছিল। প্রতিবাদ করলে খুনের হুমকি দিত। অন্য এক ব্যক্তি বলেন, প্রধান আর তার শাগরেদদের জন্য এলাকার পরিবেশ নষ্ট হতে বসেছিল। এলাকার উন্নয়নের নামে ওনার পকেটের উন্নয়ন হয়েছে। 
এদিন থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় বুদবুদে হাজির হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কর্মীরা অভিযোগ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশ তাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রধানের আইন মেনে কড়া শাস্তি চাই। প্রধান মরা মানুষকেও ছাড়েনি। সেখান থেকেও কাটমানি খেয়েছে। বালিঘাট থেকে টাকা কামিয়েছেন। এমনকি পঞ্চায়েতে ন্যূনতম পরিষেবা পাওয়ার জন্যই হাপিত্যেশ করে বসে থাকতে হত। 
গ্রেপ্তারি প্রসঙ্গে গলসি বিধায়ক রাজু পাত্র বলেন যে, দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজদের অবশ্যই জনগণের কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দিতে হবে।