এবারও ২০ শতাংশ হারেই বোনাস পাবেন শ্রমিকরা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উৎসবের মুখে বড়সড় স্বস্তি উত্তরবঙ্গের চা বলয়ে। পাহাড়, তরাই ও ডুয়ার্সের লক্ষাধিক চা শ্রমিকের জন্য এবারও ২০ শতাংশ হারে পুজো বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার শ্রম দফতরের তরফে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করা হয়েছে। নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে সমস্ত চা বাগান কর্তৃপক্ষকে এই বোনাসের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে বা হাতে প্রদান করতে হবে।সরকারি এই ঘোষণায় চা শ্রমিকদের একাংশের মুখে হাসি ফুটলেও, সম্পূর্ণ কাটছে না আশঙ্কার মেঘ। কারণ, গত বছর রাজ্য সরকারের জারি করা অ্যাডভাইজারিকে বুড়ো আঙুল দেখিয়ে পাহাড় ও ডুয়ার্সের বহু চা বাগান মালিক ২০ শতাংশ হারে বোনাস দেননি। কোথাও কোথাও কম টাকা দেওয়া হয়েছিল, আবার কোথাও বোনাস দেওয়া নিয়ে তৈরি হয়েছিল চরম অচলাবস্থা। গত বছরের সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার কোমর বাঁধছে চা শ্রমিক সংগঠনগুলি। বাগান মালিকরা যাতে কোনওভাবেই সরকারি নির্দেশ লঙ্ঘন করতে না পারেন, তার জন্য কড়া সরকারি নজরদারির দাবি তুলেছে আইএনটিইউসি (INTUC), সিটু (CITU) সহ একাধিক যৌথ মঞ্চ।এর পাশাপাশি শ্রমিক মহল থেকে এবার আরও একটি জোরালো দাবি উঠেছে। বিগত কয়েক বছর ধরে অনেক বাগানেই বোনাসের টাকা দুই বা তিন কিস্তিতে দেওয়ার রেওয়াজ তৈরি হয়েছে, যা নিয়ে শ্রমিকদের ক্ষোভ দীর্ঘদিনের। শ্রমিক সংগঠনগুলির স্পষ্ট প্রত্যাশা, এবার যেন এই ক্ষতিকর কিস্তি প্রথার অবসান ঘটিয়ে একলপ্তেই বোনাসের পুরো টাকা মেটানো হয়। উৎসবের মুখে থোক টাকা হাতে না পেলে পুজো মাটি হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। ফলে শ্রম দফতরের নির্দেশিকা জারির পর এবার বল বাগান মালিকদের কোর্টে। শেষ পর্যন্ত নির্বিঘ্নে বোনাস মেলে কি না, সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গের লক্ষাধিক শ্রমজীবী মানুষ।

