বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বিশ্বভারতীতে বায়োমেট্রিক হাজিরা ঘিরে জটিলতা, স্থগিত প্রক্রিয়া

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
বিশ্বভারতীতে বায়োমেট্রিক হাজিরা ঘিরে জটিলতা, স্থগিত প্রক্রিয়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ মুহূর্তে স্থগিত করে দিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মীদের আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই আচমকা বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই তৈরি হয়েছে তীব্র জল্পনা।

বিশ্বভারতী সূত্রের খবর, কর্মীদের হাজিরায় স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা আনতে এই বায়োমেট্রিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো নির্দিষ্ট সূচি মেনে সমস্ত দপ্তরের অশিক্ষক কর্মীদের তথ্য সংগ্রহের প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। কিন্তু বুধবার গভীর রাতে আচমকাই একটি নতুন নির্দেশিকা জারি করে পূর্বের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকা কর্মীরা বিভ্রান্তিতে পড়েন। হঠাৎ এমন কী ঘটল যে কর্তৃপক্ষকে পিছু হটতে হলো, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠনগুলির একাংশের মতে, প্রযুক্তিগত কোনও ত্রুটি বা পরিকাঠামোগত খামতির কারণেই হয়তো এই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে অন্য একটি মহলের দাবি, বায়োমেট্রিক হাজিরা চালু করা নিয়ে কর্মীদের মধ্যে অলিখিত কোনও ক্ষোভ বা আপত্তির জেরেই কি এই সিদ্ধান্ত বদল, সেই প্রশ্নও উঠছে। যদিও গোটা বিষয়টি নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।