বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান, বাতিল শো

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান, বাতিল শো
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আওয়ারাপন ২’-এর অসামান্য সাফল্যের মাঝেই আচমকা বিপত্তি। সোয়াইন ফ্লু অর্থাৎ এইচ১এন১ (H1N1) ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা ইমরান হাশমী। অভিনেতার টিমের তরফে ইতিমধ্যেই তাঁর এই শারীরিক অসুস্থতার খবর নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে এবং সেলফ-আইসোলেশনে রয়েছেন।

জানা গিয়েছে, ছবির প্রচার ও কাজের সূত্রে সম্প্রতি রাঁচি-সহ দেশের বিভিন্ন জায়গায় লাগাতার যাতায়াত করছিলেন অভিনেতা। মুম্বইয়ে ফেরার পর থেকেই তিনি মারাত্মক শারীরিক অসুস্থতা ও অস্বস্তি বোধ করতে থাকেন। এরপর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হলে শুক্রবার তাঁর সোয়াইন ফ্লু রিপোর্ট পজিটিভ আসে। এই আকস্মিক অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে তাঁর একটি পূর্বনির্ধারিত বিশেষ লাইভ অনুষ্ঠানও আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি। অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ইমরান লিখেছেন, ‘‘আমি সত্যিই খুব অসুস্থ। তবে পিকচার আভি খতম নহি হুয়া, অনুষ্ঠানটি স্রেফ স্থগিত করা হলো।’’
ইমরানের এই অসুস্থতার খবর যখন সামনে এল, তখন বক্স অফিসে ১00 কোটির গণ্ডি পেরিয়ে রমরমিয়ে চলছে ‘আওয়ারাপন ২’। দীর্ঘ ১৯ বছর পর অভিনেতার মঞ্চে ফেরার কথা ছিল, কিন্তু ভাইরাসের থাবায় সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেল।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, চলতি বর্ষার মরসুমে দিল্লি, মুম্বই-সহ দেশের একাধিক বড় শহরে এইচ১এন১ ভাইরাসের দাপট নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই বহু মানুষের শরীরে এই সংক্রমণের খোঁজ মিলেছে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সাধারণ ফ্লু-এর পাশাপাশি সোয়াইন ফ্লু-এর সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। চিকিৎসকেরা সাধারণ মানুষকে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিলেই অবিলম্বে পরীক্ষা করানোর এবং বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। আপাতত প্রিয় নায়কের দ্রুত আরোগ্য কামনায় দিন গুনছেন ইমরানের অগুনতি ভক্ত।

আরও বিনোদন খবর