বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

কৃতি শ্যাননের ‘ব্রেকআপ’ নিয়ে মুখ খুলল ঘনিষ্ঠ মহল

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
কৃতি শ্যাননের ‘ব্রেকআপ’ নিয়ে মুখ খুলল ঘনিষ্ঠ মহল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়ার জল্পনা নতুন কিছু নয়। এবার সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon) এবং তাঁর চর্চিত প্রেমিক, ইউকে-ভিত্তিক ব্যবসায়ী কবির বাহিয়া (Kabir Bahia)। গত কয়েকদিন ধরে নেটপাড়ায় জোর গুঞ্জন— তবে কি বছর পেরোতেই কৃতি-কবিরের প্রেম ভাঙল? সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এমন চর্চা শুরু হয়েছিল। তবে কৃতির অনুরাগীদের আশ্বস্ত করে কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছে, বিচ্ছেদের এই পুরো খবরটি একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন।

গুজবের সূত্রপাত অবশ্য একটি ভাইরাল ভিডিও ও ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি ‘রেডিট’ (Reddit) সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে লন্ডনের নামী ব্যবসায়ী কবির বাহিয়াকে অন্য এক তরুণীর সঙ্গে একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় নাচতে ও আনন্দ করতে দেখা যায়। এই দৃশ্যটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ ধরে নেন যে, কৃতির সঙ্গে কবিরের সম্পর্ক বোধহয় শেষ হয়ে গিয়েছে।
তবে প্রচারমাধ্যম Mid-day (যা পরবর্তীকালে টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি-র রিপোর্টেও উল্লেখ করা হয়েছে) মারফত কবিরের ঘনিষ্ঠ এক সূত্র আসল সত্যটি সামনে এনেছেন। সূত্রটি জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটিকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ভিডিওতে কবিরের পাশে থাকা ওই তরুণী আসলে তাঁর অত্যন্ত দীর্ঘদিনের এক পারিবারিক বন্ধু। কবির তাঁকে নিজের বোনের মতোই মনে করেন।
সূত্রের বক্তব্য, "আজকাল মানুষ খুব সহজেই যেকোনো বিষয় নিয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে যায় এবং মনগড়া গল্প ছড়াতে শুরু করে। কোনো সত্যতা ছাড়াই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অত্যন্ত দুর্ভাগ্যজনক।" উল্লেখ্য, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কৃতি ও কবিরের প্রেমের গুঞ্জন বি-টাউনে ভাসছে। কৃতি নিজে কোনো নাম না নিলেও একটি চ্যাট শো-তে স্বীকার করেছিলেন যে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি কৃতির বোন নূপুর শ্যাননের পারিবারিক অনুষ্ঠানেও কবিরকে দেখা গিয়েছিল। ফলে এই ঝটিকা গুজব কাটিয়ে কৃতি-কবিরের সম্পর্ক যে আগের মতোই মজবুত আছে, তা ঘনিষ্ঠ মহলের এই দাবিতে একপ্রকার পরিষ্কার।

আরও বিনোদন খবর