বিনোদন
এবার পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সালটা ২০২৫। ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় আচমকাই আছড়ে পড়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি হানা। রক্তে ভিজেছিল ভূস্বর্গ, প্রাণ হারিয়েছিলেন বহু পর্যটক। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। কিন্তু ভারত যে দমে যাওয়ার পাত্র নয়, তা প্রমাণ হয়েছিল ঠিক ১৫ দিনের মাথায়। ৭ মে ভারতীয় সামরিক বাহিনী শুরু করে এক রুদ্ধশ্বাস প্রত্যাঘাত। নাম দেওয়া হয়েছিল— ‘অপারেশন সিঁদুর’। আধুনিক প্রযুক্তির সাহায্যে শত্রুপক্ষের সীমানায় ঢুকে নিখুঁত নিধনযজ্ঞ চালিয়েছিল তিন বাহিনী। দেশের সেই বীরত্ব ও সামরিক স্ট্র্যাটেজির অবিশ্বাস্য খতিয়ান এবার উঠে আসতে চলেছে ছোট পর্দায়।
চলতি বছরের মার্চ মাসেই বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁর আগামী পূর্ণদৈর্ঘ্যের ছবির কথা ঘোষণা করেছিলেন। তবে সিনেমা হলের আগেই এবার দর্শকদের ড্রয়িংরুমে হাজির হচ্ছে এই সেনা অভিযানের আসল সত্যি ঘটনা। স্বাধীনতা দিবসের আবহে আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’ (Declassified: Operation Sindoor) নামের দুই পর্বের একটি রুদ্ধশ্বাস তথ্যচিত্র। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির (Warner Bros. Discovery) নতুন ‘ডিক্লাসিফায়েড’ ফ্র্যাঞ্চাইজির অধীনে এটিই প্রথম বড় কাজ।
টেলিভিশন চ্যানেল ডিসকভারি (Discovery Channel India) এবং ওটিটি প্ল্যাটফর্ম ডিসকভারি প্লাস (discovery+)-এর পর্দায় আগামী ১৫ আগস্ট রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে সম্প্রচারিত হবে এই তথ্যচিত্রটি।
প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এই তথ্যচিত্রে দিল্লির ওয়ার রুমের গোপন রণকৌশল থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনার টানা ৮৮ ঘণ্টার সেই বিধ্বংসী অভিযানের খুঁটিনাটি তুলে ধরা হবে। যেখানে তৎকালীন স্থলসেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর শীর্ষ নেতৃত্ব, অভিযানে অংশ নেওয়া প্রথম সারির জওয়ান, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং যুদ্ধক্ষেত্রের সাংবাদিকদের সরাসরি জবানবন্দি ও অভিজ্ঞতা রেকর্ড করা হয়েছে। পাহেলগামের হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের কীভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তার এক রোমহর্ষক ও অজানা অধ্যায় দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন দেশের দর্শক।

