বিনোদন
চেক বাউন্স মামলায় ৩ মাসের জেল রাজপাল যাদবের
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স মামলায় বড়সড় আইনি বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। একাধিক চেক বাউন্সের অভিযোগে দায়ের হওয়া সাতটি মামলায় আজ, শুক্রবার তাঁকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির হাইকোর্ট। একই সাথে অভিনেতার ওপর মোটা অঙ্কের জরিমানাও ধার্য করা হয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজপালের করা আবেদনকে এদিন সাফ খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা।
আদালতের নির্দেশ অনুযায়ী, দায়ের হওয়া ৭টি মামলার প্রতিটিতে অভিযোগকারী সংস্থাকে ১ কোটি ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে অভিনেতাকে। শুধু রাজপাল যাদবই নন, তাঁর স্ত্রী রাধা যাদবকেও এই মামলায় আর্থিক জরিমানা করা হয়েছে। সূত্রের খবর, প্রতিটি মামলায় অভিযোগকারীকে প্রায় ৫ লক্ষ ৫১ হাজার টাকা করে দিতে হবে তাঁকে। দিল্লির হাইকোর্ট জানিয়েছে, অভিনেতা ইতিমধ্যেই যে ২.২৫ কোটি টাকা পরিশোধ করেছেন, তা মোট চূড়ান্ত হিসাব থেকে বাদ দেওয়া হবে। তবে বাকি অর্থ বারবার মেটানোর প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি তা লঙ্ঘন করেছেন।
আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, বারবার সময় দেওয়া সত্ত্বেও আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছেন অভিনেতা। একাধিক চেক বাউন্স হওয়া আইনত বড় অপরাধ। আইনের চোখে সেলিব্রিটি বা সাধারণ মানুষের মধ্যে কোনো তফাত নেই। তাই এই গাফিলতির জন্য তাঁকে শাস্তি পেতেই হবে। তবে হাইকোর্ট রাজপাল যাদবকে উচ্চতর আদালতে আপিল করার জন্য দুই মাসের সময় মঞ্জুর করেছে।

