বিনোদন
মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হতে চলেছেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিয়ের ছয় মাস কাটতে না কাটতেই এই তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সামান্থার মা হওয়ার এই গুঞ্জনে এখন উত্তাল গোটা বিনোদন দুনিয়া।বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন ছড়াচ্ছিল। সম্প্রতি তাঁদের আসন্ন ছবি 'মা ইন্টি বাঙ্গারাম'-এর সাফল্যের এক অনুষ্ঠানে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হতেই সেই জল্পনা আরও তীব্র রূপ নেয়।
অনুরাগীদের একাংশের দাবি, ভিডিওটিতে প্রিয় নায়িকার ‘বেবি বাম্প’ স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। এই আবহে নায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছে, সামান্থা বর্তমানে তাঁর প্রথম ট্রাইমেস্টারে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই সন্তানের জন্ম দেবেন তিনি।
জানা গিয়েছে, এই বিশেষ সময়টা সামান্থা ও রাজ—দুজনের জীবনেই ভীষণ স্পেশাল। জীবনের এই নতুন এবং সুন্দর জার্নি শুরু করার আগে কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সামান্থা বা রাজের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই তারকা জুটি তাঁদের অনুরাগীদের মিষ্টি এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানাবেন। অতীতের সমস্ত ব্যক্তিগত ঝড়ঝাপটা কাটিয়ে সামান্থার এই নতুন পথ চলাকে সাধুবাদ জানাচ্ছেন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী।

