আবু সালেমের জরিমানা ও অতিরিক্ত কারাদণ্ড নিয়ে আদালতের দ্বারস্থ জেল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলা এবং বিল্ডার প্রদীপ জৈন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত গ্যাংস্টার আবু সালেমের বকেয়া জরিমানা ও অতিরিক্ত সাজা নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে নাসিক সেন্ট্রাল জেলে বন্দি সালেমের বকেয়া ১৬.৫১ লক্ষ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ১৮ বছরের অতিরিক্ত কারাদণ্ড হওয়া উচিত কি না, তা নিয়ে মুম্বইয়ের বিশেষ আদালতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে জেল কর্তৃপক্ষ।
দুটি পৃথক মামলায় সালেমকে মোট ১৬.৫১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল (একটি মামলায় ৮ লক্ষ এবং অন্যটিতে ৮.৫১ লক্ষ টাকা)। নিয়ম অনুযায়ী জরিমানা না দিলে তাকে যথাক্রমে ৮ বছর এবং ১০ বছর ৬ মাস— অর্থাৎ মোট সাড়ে ১৮ বছর অতিরিক্ত জেল খাটতে হবে।
২০০৫ সালের ১১ নভেম্বর পর্তুগাল থেকে আবু সালেমকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। সেই সময় ভারত সরকার পর্তুগালকে আশ্বাস দিয়েছিল যে সালেমকে মৃত্যুদণ্ড বা ২৫ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০৩০ সালে তার এই ২৫ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে।
আদালতের দেওয়া ওই ২৫ বছরের সময়সীমার আশ্বাসে জরিমানা অনাদায়ে অতিরিক্ত সজার বিষয়টি উল্লেখ ছিল না। জেল কর্তৃপক্ষের দাবি, সালেম যদি এই জরিমানা না দেন, তবে প্রত্যর্পণ চুক্তি বজায় রেখে তাকে অতিরিক্ত ১৮ বছর জেলে রাখা যাবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে, সালেম নিজেও তথ্যের অধিকার আইনে (RTI) আবেদন করে জানতে চেয়েছেন যে তার এই বকেয়া জরিমানা মকুব করা হয়েছে কি না। এই পরিস্থিতিতে সজার মেয়াদ সঠিকভাবে হিসেব করার জন্য আদালতের কাছ থেকে দ্রুত নির্দেশ চেয়েছে জেল কর্তৃপক্ষ।

