হট টপিক
দলের কেউ তোলাবাজি করলে তাড়িয়ে দেব: অগ্নিমিত্রা
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে ক্ষমতার অলিন্দে বদল ঘটেছে, কিন্তু বাংলায় এখনও পুরোপুরি নির্মূল করা যায়নি পুরনো ‘তোলাবাজির ব্যাধি’। এই রাজনৈতিক পালাবদলের আবহে ‘দলবদলু’ নেতাদের পাশাপাশি খোদ বিজেপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধেও একই রকম আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এই ইস্যুতে এবার তীব্র ক্ষোভ উগরে দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার এক কড়া বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, “দলের কারও বিরুদ্ধে তোলাবাজির নিশ্চিত অভিযোগ এলেই তাঁকে দল থেকে তাড়িয়ে দেব।”
বিজেপি অন্দরে বাড়তে থাকা এই প্রবণতা নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ব্যাখ্যা, “সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি? তা তো নয়! সেও তো রক্তে-মাংসের মানুষ।” তাঁর তোপ, আজ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় অনেকে ভাবছেন যে তোলাবাজিটাই বোধহয় রুজি-রোজগারের একমাত্র মাধ্যম হতে পারে। সেইসব নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, “মনে রাখবেন এটা ভারতীয় জনতা পার্টি। এখানে মুখে এক আর কাজে অন্য কিছু হয় না।”
উল্লেখ্য, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ইস্যুতে দলের একাংশের ওপর কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছিলেন। এরপর রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষও গর্জে উঠে বলেছিলেন যে, শাসক বদল হলেও বাংলায় তোলাবাজির সংস্কৃতি বদলায়নি। সেই একই সুরে সুর মিলিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল মনে করিয়ে দেন, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই পরিষ্কার জানিয়েছেন যে তোলাবাজিতে যুক্ত থাকা ব্যক্তিদের সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। মন্ত্রীর সাফ কথা, বাংলায় তৃণমূলের তৈরি করা এই কুৎসিত কালচার বা সংস্কৃতি বিজেপি সরকারে কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং তা পুরোপুরি বন্ধ করাই তাঁদের প্রধান লক্ষ্য।

