বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আত্মচিন্তা, আত্মস্বার্থ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
আত্মচিন্তা, আত্মস্বার্থ
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আত্মচিন্তা অর্থাৎ আমার ভিতর যে দেবত্ব আছে সেই বিষয়ে চিন্তা এবং ভগবৎ চিন্তা। আমরা প্রায়ই বলি, দৈনন্দিন সংসারের কাজে এত ব্যস্ত থাকি যে আত্মচিন্তা বা ভগবানের চিন্তা করার সময় থাকেনা। কিন্তু দৈনন্দিন সাংসারিক কাজে আত্মস্বার্থের কথা কখনো ভুলে যাই কী? কাকে ধরলে পদোন্নতি হবে, কার নাম বেশি করে করলে আরো উচ্চপদে ওঠা যাবে, নিজের বৈষয়িক সম্পত্তি কিভাবে বৃদ্ধি করা যাবে, কিভাবে অন্যকে ফাঁকি দিয়ে নিজের কাজ সিদ্ধি হবে, ইত্যাদি আত্মস্বার্থে আমরা অনেকেই সারাদিন মগ্ন থাকি। তাই আত্মচিন্তা বা ভগবানের চিন্তা করার সময় থাকে না। আবার এমন ভাবনাও আমাদের অনেকের মধ্যেই আছে যে ভগবানের চিন্তা না করলেও দৈনন্দিন জীবন আটকে থাকে না, দিন যেমন চলার তেমনি চলে। অনেকেই ভগবানে বিশ্বাস পর্যন্ত করে না। তাদেরও দিন কাটাতে কোন অসুবিধা হয় না। বরং দেখা যায় যারা ভগবানের নাম করেনা তাদের দিন তো বেশ ভালই কাটছে আর যারা ভগবানের নাম নিয়ে সংসার করে তাদের কপালে তো দুঃখের শেষ নেই! তাহলে নাম করলে কোন লাভ নেই, আর নাম না করলেও কোন লোকসান নেই। আবার এটাও দেখা যায়, যারা ভগবান কে ধরে সংসার করেন, তাদের মধ্যে অনেকেই আছেন, যারা এর মধ্য দিয়ে কিছু ঐহিক সুখ ও পারলৌকিক সুখের আশায় তা করেন। খুব স্বল্প সংখ্যক মানুষ আছেন, ভগবান যাঁদের অন্তরের বস্তু, ভগবানের প্রতি তাঁদের প্রাণের টান। আমি ভাল হই বা মন্দ হই, সুস্থ হই বা রোগী হই, যে অবস্থাতেই থাকি না কেন আমার নিজের প্রতি ভালোবাসা কখনো কমে না। শাস্ত্র বলেন, আত্মা স্বতঃ প্রিয়। বৃহদারণ্যক উপনিষদে আছে— প্রেয়ঃ পুত্রাৎ, প্রেয়ো বিত্তাৎ------ অর্থাৎ এই আত্মা আমাদের পুত্রের চেয়ে প্রিয়, বিত্তের চেয়ে প্রিয়, অন্য সব জিনিসের চেয়ে প্রিয়, কারণ আত্মা আমাদের অন্তরতম। সেই আত্মা, সেই আমার আমি, যদি ঈশ্বর হন, তাহলে তাঁকে ভালো না বেসে আমি পারিনা। যাদের এই বুদ্ধি হয়েছে তারা সুখের আশায়, লাভের আশায়, নাম-যশের লোভে ভগবানকে ভালোবাসে না তারা নিজের আত্মা বলে তাঁকে ভালবাসে। এই বোধ সহজে জাগে না, এই বোধ জাগাবার জন্যই আমাদের নানা প্রকার প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। সেটি হলো আধ্যাত্মিক জীবনযাপন।