এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩ টেনিস খেলোয়াড়
নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের অযোধ্যায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে (Purvanchal Expressway) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন পেশাদার টেনিস খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন খেলোয়াড়। বুধবার ভোরে এক্সপ্রেসওয়ের ৯৭.৫০০ মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, ৬ জন টেনিস খেলোয়াড় লখনউতে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে মারুতি আরটিগা গাড়িতে চেপে দেওরিয়ার দিকে ফিরছিলেন। ভোর ৫টা নাগাদ অত্যন্ত দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা আরোহীরা সকলেই ঘুমাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এসে গাড়িটি কেটে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন নিত্য প্রজাপতি (২২), ইরফান আনসারি (২০) এবং অনিকেত (২৪)। আহতদের মধ্যে আনন্দ যাদব ও রাজু নামের দুই খেলোয়াড়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা জয়ন্ত শর্মাও রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য অযোধ্যা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
জয়ন্ত সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। গাড়ির ধাক্কায় আমাদের ঘুম ভাঙে। তাকিয়ে দেখি, গাড়িটি ট্রাকে ধাক্কা মেরেছে। আমাদের সঙ্গীদের সারা শরীর রক্তে ভেজা ছিল। পথচারীরা দরজা ভেঙে এরপরে আমাদের উদ্ধার করেন।’

