হট টপিক
দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রধানকে গণধোলাই ও ডিম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বাগদা: মিড ডে মিল-সহ স্কুলের বিভিন্ন খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার রণক্ষেত্রের রূপ নিল উত্তর ২৪ পরগনার বাগদার আউলডাঙা হাই স্কুল চত্বর। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীদের রোষের মুখে পড়লেন স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা স্থানীয় বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সর্দার। উন্মত্ত জনতা ওই শিক্ষকের মাথায় ডিম ফাটিয়ে এবং গায়ের জামা ছিঁড়ে দিয়ে তীব্র ক্ষোভ উগরে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিড ডে মিলের অনুদান থেকে শুরু করে নানাবিধ উন্নয়নমূলক তহবিলের প্রায় ২২ লক্ষ টাকা নয়ছয় করেছেন সঞ্জিতবাবু। পঞ্চায়েত নির্বাচনের পর বিগত কয়েক মাস ধরে তিনি সম্পূর্ণ বেপাত্তা ছিলেন। সোমবার সকালে হঠাৎই তাঁকে স্কুল চত্বরে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শিক্ষকের কলার ধরে টানাহেঁচড়া করা হয়, ছিঁড়ে দেওয়া হয় পরনের পোশাক। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে
বাগদা থানার পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত প্রধানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিভাবকদের দাবি, বাচ্চাদের পুষ্টিকর খাবারের টাকা আত্মসাৎ করে স্কুলের পঠনপাঠনের পরিবেশ নষ্ট করেছেন ওই শিক্ষক। দীর্ঘদিন ধরে হিসাব না মেলাতেই এই ক্ষোভের বিস্ফোরণ। অন্যদিকে, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের তরফে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতার নিন্দা করা হলেও, দুর্নীতি নিয়ে অস্বস্তি ঢাকা যাচ্ছে না। বিজেপি ও বাম শিবিরের দাবি, শাসকদলের মদতেই এই বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারি চলেছে। পুলিশ জানিয়েছে, দুর্নীতির লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

