বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এক্সপ্রেসওয়েতে তাণ্ডব, আক্রান্ত পরিবার, ধৃত ৩

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
এক্সপ্রেসওয়েতে তাণ্ডব, আক্রান্ত পরিবার, ধৃত ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে এক যুবকের ওপর সপরিবারে ভয়াবহ ও অমানবিক হামলার ঘটনা প্রকাশ্যে এল। মাণ্ড্য জেলার মাদুরের কাছে নিজের স্ত্রী, মা এবং মাত্র ১০ মাসের সন্তানকে নিয়ে গাড়ি করে যাওয়ার সময় একদল দুষ্কৃতী সাগর কুমার নামে এক ব্যক্তির ওপর চড়াও হয় বলে অভিযোগ। আক্রান্তের আর্তনাদ ও তাঁর স্ত্রীর অনুনয়-বিনয় সত্ত্বেও রেহাই মেলেনি। এই ঘটনার একটি হাড়হিম করা ড্যাশক্যাম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। নড়েচড়ে বসে কর্ণাটক পুলিশ ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত সাগর কুমার বেঙ্গালুরুর বাসিন্দা এবং পেশায় বিএমআরসিএল-এর সহকারী ম্যানেজার। রবিবার রাতে শ্রীরাঙ্গাপত্তন টোল প্লাজার কাছে সামান্য গাড়ি ঘষা লাগাকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। প্রাথমিকভাবে বিষয়টি মিটে গেলেও, দুষ্কৃতীরা দুটি গাড়ি নিয়ে সাগরের পিছু ধাওয়া করতে থাকে। এরপর মাদুরের কাছে এক্সপ্রেসওয়ের ওপর সাগরের অল্টো গাড়িটিকে পথ আটকে দাঁড় করায় তারা। গাড়ি থেকে নামিয়ে সাগরকে রড দিয়ে নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ। 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাগরের স্ত্রী ও মা চিৎকার করে দুষ্কৃতীদের হাত জোড় করে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের গায়ের সোনার গয়না পর্যন্ত দুষ্কৃতীদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তবুও মন গলেনি আক্রমণকারীদের। সাগরের নাবালক সন্তানকেও তারা হেনস্থা করে বলে অভিযোগ।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সাগরের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাদুর থানার পুলিশ সন্তোষ, অরুণ এবং অভিনন্দন নামে বেঙ্গালুরুর তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে। বাকি দুই পলাতক অভিযুক্ত ভেঙ্কটেশ ও প্রতাপের খোঁজে তল্লাশি চলছে। এক্সপ্রেসওয়ের মতো হাইওয়েতে সপরিবারে এমন ‘রোড রেজ’ বা পথ-হিংসার ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।